ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

বুড়োদের বিশ্বকাপ!

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৪:৪৩ পিএম
ছবি : সংগৃহীত

দেখতে দেখতেই শেষের পথে ফুটবল মহাযজ্ঞ। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে শুরু হওয়া এবারের ফিফা বিশ্বকাপ এখন এসে দাঁড়িয়েছে নকআউটের উত্তেজনায়। গ্রুপ পর্ব পেরিয়ে ৩২, এরপর ১৬—এখন কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে ব্যস্ত সেরাদের সেরা দলগুলো। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি এবারের বিশ্বকাপ ঘিরে আরেকটি বিষয়ও সমানভাবে আলোচনায়—এটি যেন ‘বুড়োদের বিশ্বকাপ’।

কারণ, গত প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করা একঝাঁক কিংবদন্তি ফুটবলারের জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ। বয়সের ভার, ক্যারিয়ারের শেষপ্রান্ত এবং নতুন প্রজন্মের উত্থানের বাস্তবতায় অনেকেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর দ্বারপ্রান্তে। তাই এবারের বিশ্বকাপ শুধু শিরোপার লড়াই নয়, অনেক তারকার বিদায়ের মঞ্চও।

এই তালিকার শীর্ষে রয়েছেন- আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ, কোপা আমেরিকা থেকে শুরু করে ক্লাব ফুটবলের প্রায় সব অর্জনই নিজের ঝুলিতে তুলেছেন তিনি। বয়সের হিসেবে আগামী বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকলেও সেটি যে সহজ হবে না, তা সবাই জানেন।

একইভাবে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নাম। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা দীর্ঘদিন ধরে দেশের আক্রমণভাগের নেতৃত্ব দিয়েছেন। এবারের বিশ্বকাপকে অনেকেই তার শেষ বিশ্বকাপ হিসেবে দেখছেন।

ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ এখনো মাঝমাঠে অনন্য। বয়স বাড়লেও খেলার বুদ্ধিমত্তা ও নেতৃত্বে তিনি দলের অন্যতম ভরসা। তবে সময়ের বাস্তবতায় এটিও হতে পারে তার শেষ বিশ্বকাপ।

নেদারল্যান্ডসের রক্ষণভাগের অন্যতম স্তম্ভ ভিরজিল ভ্যান ডাইক, মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া, পোল্যান্ডের গোলমেশিন রবার্ট লেভানডোভস্কি এবং জার্মানির বিশ্বকাপজয়ী তারকা থমাস মুলারও রয়েছেন সেই বিদায়ী তালিকায়। দীর্ঘদিন ধরে নিজ নিজ দেশের হয়ে অসাধারণ অবদান রাখা এই ফুটবলারদের অনেকেই হয়তো আর বিশ্বকাপের মঞ্চে দেখা দেবেন না।

তবে বয়স যে শুধুই একটি সংখ্যা, সেটিও প্রমাণ করেছেন এই তারকারা। তরুণদের সঙ্গে সমানতালে লড়াই করে এখনো তারা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অভিজ্ঞতা, নেতৃত্ব এবং চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের আলাদা করেছে অন্যদের থেকে।

বিশ্বকাপ মানেই নতুন নায়কের জন্ম, আবার কোনো কোনো কিংবদন্তির বিদায়। সেই বাস্তবতাই যেন আরও স্পষ্ট হয়েছে এবারের আসরে। হয়তো আগামী বিশ্বকাপে নতুন প্রজন্মের ফুটবলাররা আলো ছড়াবেন, কিন্তু মেসি, রোনালদো, মদ্রিচ, মুলার, লেভানডোভস্কি, ওচোয়া কিংবা ভ্যান ডাইকের মতো তারকাদের উপস্থিতি, নেতৃত্ব এবং স্মরণীয় মুহূর্তগুলো ফুটবলপ্রেমীদের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে।

তাই এবারের বিশ্বকাপ শুধু ট্রফি জয়ের গল্প নয়; এটি এক প্রজন্মের ফুটবল কিংবদন্তিদের বিদায়ের গল্পও। আর সে কারণেই অনেকের কাছে এই আসরের আরেক নাম—‘বুড়োদের বিশ্বকাপ’।