‘নিজের জায়গা রাখিবো পরিষ্কার-পরিচ্ছন্ন, দুপচাঁচিয়া হবে আমাদের অহংকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুপচাঁচিয়া পৌরসভা ও ইমাম-মোয়াজ্জেম সমিতির সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহরুখ খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, দুপচাঁচিয়া পৌরসভার প্রকৌশলী আহমেদ কামরুল হাসান এবং ইমাম-মোয়াজ্জেম সমিতির সভাপতি মাওলানা আজিজুর রহমান। এ ছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন কর্মসূচিতে অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও শাহরুখ খান বলেন, একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে শুধু সরকারের একক উদ্যোগ যথেষ্ট নয়। এর জন্য সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, তবেই একটি আদর্শ ও অহংকারের দুপচাঁচিয়া গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বক্তারা পরিচ্ছন্নতা অভিযানের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তারা বলেন, চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ ধরনের কর্মসূচির সূচনা জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় সচেতন মহলও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের দাবি জানান।

