ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৬:১১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরে সরকারবিরোধী মিছিল, স্লোগান ও বক্তব্য দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৫ জুলাই) গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ জুলাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী পাশে হোটেল নিরিবিলি অ্যান্ড রেস্টুরেন্ট-২-এর সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি সরকারবিরোধী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং বক্তব্য প্রদান করেন। পরে এ সংক্রান্ত ভিডিও ও ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর বিষয়টি আমলে নিয়ে গাজীপুর মহানগরের সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর সদর থানা পুলিশের একাধিক আভিযানিক দল গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে সরকারবিরোধী মিছিলে সক্রিয় অংশগ্রহণকারী, মদদদাতা ও অর্থদাতা হিসেবে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সদর থানা পুলিশ ৫ জন এবং জেলার বিভিন্ন থানা পুলিশ আরও ৪ জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।