ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৫:৩৫ পিএম
ছবি : সংগৃহীত

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মিয়ানমারে (বার্মা) পাচারের সময় সিমেন্ট, সার, চাল ও জ্বালানি তেলবোঝাই একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় এক পাচারকারীকে আটক করা হলেও ট্রলারের দুই মালিকসহ কয়েকজন পালিয়ে যান।

রোববার (৫ জুলাই) সকালে আটক ব্যক্তিসহ পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের লতাখালী ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালায়। অভিযানের সময় মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ট্রলারসহ মো. জুয়েল (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জহিরের ছেলে।

পুলিশ জানায়, অভিযানের সময় ট্রলারের মালিক ইদ্রিস মাঝি, রিয়াজসহ অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হন। তারা সবাই একই ইউনিয়নের বাসিন্দা।

জব্দ করা ট্রলারটি হাজিরহাট ঘাটে এনে তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা সিমেন্ট, চার বস্তা সার, ৪০০ লিটার ডিজেল এবং বিপুল পরিমাণ চাল উদ্ধার করা হয়। রোববার সকাল থেকে ট্রলার থেকে জব্দকৃত মালামাল খালাসের কাজ চলছিল বলে জানিয়েছে পুলিশ।

মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম বলেন, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট, সার ও অন্যান্য মালামালবোঝাই একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।