নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন ব্যবসায়ীরা। তারা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইছাপুরা বাজারে এ ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজারটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে রোববার দুপুরে নতুন বাজার পরিচালনা কমিটি গঠনের জন্য একটি সভার আয়োজন করা হয়। সভায় পদ লাভের উদ্দেশ্যে বাতেন পারভেজ, কবির হোসেন ও জাহাঙ্গীর আলম বহিরাগত কয়েকজনকে নিয়ে উপস্থিত হন।
কাঙ্ক্ষিত পদ না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে সভায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হন। এ সময় জনরোষের মুখে বাতেন পারভেজও আহত হন বলে দাবি করেন উপস্থিত ব্যবসায়ীরা।
ঘটনার পর বিকেল সাড়ে ৫টার দিকে ইছাপুরা বাজারের ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বাজারে বিভিন্ন ধরনের অরাজক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে তাদের হামলায় নিরীহ ব্যবসায়ীরা আহত হয়েছেন এবং বাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ব্যবসায়ীরা আরও বলেন, ইছাপুরা বাজারে ২৫০টিরও বেশি দোকান রয়েছে। দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। সাম্প্রতিক হামলার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক সাহেদ খন্দকার, ক্যাশিয়ার রাকিব মোল্লাসহ রাশেদুল আলম বাবু এবং শতাধিক ব্যবসায়ী।

