গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন গ্রামের যোগাযোগব্যবস্থা উন্নয়নে প্রায় ৬ কোটি টাকার পাঁচটি গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু। উদ্বোধনের আগে তিনি গ্রামীণ পথে হেঁটে হেঁটে প্রতিটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।
রোববার (৫ জুলাই) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শ্রীপুর বাস্তবায়নাধীন ‘গাজীপুর জেলা পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এসব উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এলজিইডি সূত্রে জানা গেছে, পাঁচটি সড়কের মোট দৈর্ঘ্য ৪ হাজার ৪২০ মিটার (৪ দশমিক ৪২ কিলোমিটার)। প্রকল্পগুলোর মোট প্রাক্কলিত ব্যয় ৬ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৯ টাকা এবং মোট চুক্তিমূল্য ৫ কোটি ৭৫ লাখ ৬৩ হাজার ৭০৫ টাকা।
উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হলো— মার্তা বাজার–মার্তা খাল সড়ক, প্রহলাদপুর–পোতাবাড়ী সড়ক, প্রহলাদপুর হাইস্কুল–ভিটিপাড়া সড়ক, দিঘীরচালা–চিনাশুকানিয়া সড়ক এবং ভিটিপাড়া–জয়নারায়নপুর সড়কের উন্নয়ন।
এর মধ্যে মার্তা বাজার–মার্তা খাল সড়কের ৬৫০ মিটার, প্রহলাদপুর–পোতাবাড়ী সড়কের ৬৭০ মিটার, প্রহলাদপুর হাইস্কুল–ভিটিপাড়া সড়কের এক হাজার মিটার, দিঘীরচালা–চিনাশুকানিয়া সড়কের এক হাজার মিটার এবং ভিটিপাড়া–জয়নারায়নপুর সড়কের এক হাজার ১০০ মিটার অংশ উন্নয়ন করা হবে।
প্রথম চারটি প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে এম এম এন্টারপ্রাইজ এবং ভিটিপাড়া–জয়নারায়নপুর সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে RE-SE (JV)। চারটি প্রকল্পের কাজ ২২ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে ২২ এপ্রিল ২০২৭ সালে শেষ হওয়ার কথা রয়েছে। অপর প্রকল্পটির কাজ শুরু হয়েছে ১৫ মার্চ ২০২৬ এবং শেষ হওয়ার নির্ধারিত সময় ১৫ জুন ২০২৭।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, গ্রামের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। মানুষের জীবনমান উন্নয়নে টেকসই গ্রামীণ যোগাযোগব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই। এসব সড়কের উন্নয়ন সম্পন্ন হলে কৃষক সহজে কৃষিপণ্য বাজারে নিতে পারবেন, শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং প্রতিটি ইউনিয়নের যোগাযোগব্যবস্থা উন্নত করাই সরকারের লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. মাহবুল হাসান হান্নান, শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকার বিপুলসংখ্যক মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কগুলো ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানির কারণে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। উন্নয়নকাজ শেষ হলে কয়েকটি গ্রামের হাজারো মানুষের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য পরিবহনে সময় ও ব্যয় কমবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

