ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

সংবিধানে ‘বিসমিল্লাহ’ সারা জীবন থাকবে : স্বাস্থ্য উপদেষ্টা

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৩:৪৪ পিএম
বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। ছবি : রূপালী বাংলাদেশ

গণভোটের সঙ্গে সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকা-না-থাকার বিষয়টি সম্পৃক্ত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, ‘বিসমিল্লাহ নতুন করে আসেনি, নতুন করে চলেও যাবে না। এটা সারা জীবন থাকবে, সবসময় থাকবে।’

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউস হলরুমে গণভোট নিয়ে পাবনা জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনি পরিবেশ নিয়ে বিভিন্ন দলের অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বলেন, ‘এগুলো (বিভিন্ন দলের অভিযোগ) কোনোটাই ঠিক নয়। নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না। সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান।

এ ছাড়াও সভায় জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে গণভোট নিয়ে প্রচারগাড়ি ও কার্যক্রম পরিদর্শন করেন।