ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাবনায় নদীর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, আহত ১০

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০৫:০৪ পিএম
ছবি- সংগৃহীত

পাবনার বেড়া উপজেলায় নদীর ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেড়া উপজেলা সদরের যমুনা নদীর ডাকবাংলো ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে হাতিগাড়া ও শম্ভপুর গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় চলা সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ১০ জন আহত হন।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।