পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্স নীতিতে এগিয়ে চলছে বিএনপি। এ লক্ষ্যে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবের উদ্যোগে ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, ‘আমি আপনাদের সেবক, আপনাদের কর্মচারী। আমরা একটি সবার সহাবস্থানের বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্রত্যেকে নিজ নিজ দায়বদ্ধতার জায়গা থেকে কাজ করলে সমাজ আরও সুন্দর হবে।’
তিনি আরও বলেন, বর্তমান সরকারের অনেক কাজ থাকলেও অভ্যন্তরীণ নানা সমস্যা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এসব সমস্যা সমাধান করে একটি নতুন বাংলাদেশের সূচনা সম্ভব বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুর সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাজী হুমায়ূন সিকদার। এ ছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু এবং সাধারণ সম্পাদক অমল মুখার্জীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, মো. সেলিম শিকদার, মহিপুর বিএনপির সভাপতি আ. জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, ধুলাসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাদা হাওলাদার, যুবদল নেতা সুমন গাজী ও মুসফিকুল ইসলাম লিটু বিশ্বাসসহ দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছায় এমপি মোশাররফ হোসেনকে বরণ করে নেন এবং তাকে সম্মাননা স্মারক ও উত্তরীয় প্রদান করেন। পরে তিনি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব সদস্য মাওলানা ফোরকান শিকদার।
সংবর্ধনা অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা ও মহিপুর থানা বিএনপি এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

