ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

শুল্ক ফাঁকি দিয়ে আসা ২ কোটি টাকার সুপারিসহ ৬ পাচারকারী আটক

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৩:৫২ পিএম
ছবি : সংগৃহীত

পটুয়াখালীতে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি টাকা মূল্যের ২৪ হাজার ৬৩০ কেজি সুপারিসহ ৬ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৮ মে) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পটুয়াখালীর সদর থানার হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন এলাকায় গত শনিবার (১৬ মে) কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক চারটি ট্রাকে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকা মূল্যের সুপারিসহ ৬ পাচারকারীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত সুপারি, ট্রাক ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, অবৈধ চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।