ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজবাড়ীতে বাড়িতে হামলা-গুলিবর্ষণ, অস্ত্রধারীকে ধরতে অভিযানে পুলিশ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৭:৫৪ পিএম
ছবি- সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় একটি বাড়িতে হামলা ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনায় ঘটনাস্থল থেকে শর্টগানের দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অস্ত্রধারী ও ব্যবহৃত শর্টগানটি উদ্ধারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামে রশিদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সেলিম মোল্লার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসা দুটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল দুর্বৃত্ত রশিদ মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় তারা অন্তত পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে গ্রামবাসী ডাকাতের আশঙ্কায় লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন।

প্রাথমিকভাবে জানা গেছে, রশিদ মোল্লার ছেলের সঙ্গে পাশ্ববর্তী দক্ষিণ পাঁচুরিয়া গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। কয়েকদিন আগে তারা পালিয়ে গেলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিনুল ইসলাম জানান, গুলির খোসা উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, হামলা ও গুলিবর্ষণের ঘটনার সঙ্গে পারিবারিক বিরোধের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।