রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি মন্দিরের জমি দখল করে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টার ঘটনায় কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩ মার্চ) সকালে পুঠিয়া-তাহেরপুর সড়কের মোড়ে অবস্থিত মন্দিরের জমিতে অবৈধ দখল ও নির্মাণকাজের তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়।
অভিযানের সময় দেখা যায়, মন্দিরের জন্য বরাদ্দকৃত জমিতে কোনো ধরনের অনুমোদন ছাড়াই নিয়মবহির্ভূতভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চলছিল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে সঙ্গে সঙ্গেই নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখলের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া অভিযুক্ত ব্যক্তিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে সব অবৈধ স্থাপনা অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
এদিকে একই দিন দুপুর ১২টার দিকে পুঠিয়া পৌরসভা এলাকার তাহেরপুর রোড সংলগ্ন বিভিন্ন স্থানে ভেজালবিরোধী বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, সরকারি খাসজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে সরকারি কিংবা দেবোত্তর সম্পত্তি দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি খাসজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।


