ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে মসজিদ ও মাজারের উন্নয়নকাজ দ্রুত শেষের নির্দেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহীর অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হযরত শাহ মখদুম রূপোস (রহ.) দরগা মসজিদ ও মাজার শরীফ কমপ্লেক্সের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (২৪ এপ্রিল) পবিত্র জুম্মার নামাজ শেষে তিনি সরেজমিনে এই উন্নয়নকাজের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।

এর আগে প্রশাসক দরগা মসজিদে সাধারণ মুসল্লিদের সঙ্গে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় নাগরিক ও মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় শেষে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় তিনি মাজার ও মসজিদের নির্মাণকাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্নের ওপর গুরুত্ব দেন।

পরিদর্শনকালে উপস্থিত প্রকৌশলীরা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে রাসিক প্রশাসককে বিস্তারিত অবহিত করেন। নির্মাণাধীন কমপ্লেক্সের প্রতিটি অংশ ঘুরে দেখে তিনি কাজের মানে সন্তোষ প্রকাশ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় রাসিক প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মো. মাহমুদুর রহমান ইমন এবং উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবি।

এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।