ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

রাজস্থলীর ১২ কেন্দ্রে পৌঁছেছে ভোটের সরঞ্জাম

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৫৭ পিএম
দায়িত্বরত আনসার সদস্যরা। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাঙামাটির রাজস্থলী উপজেলার ১২টি ভোটকে ন্দ্রেনির্বাচনি সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত জনবল সফলভাবে পৌঁছে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকা, কালি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ নির্ধারিত কেন্দ্রে হস্তান্তর করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে আগেভাগেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা দায়িত্ব গ্রহণ করেছেন। তারা কেন্দ্রভিত্তিক প্রস্তুতি যাচাই-বাছাই করে ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করছেন। নির্বাচনি দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা ও ব্রিফিংও প্রদান করা হয়েছে।

এবার রাজস্থলী উপজেলার প্রতিটি ভোটকেন্দ্র কঠোর নিরাপত্তার চাদরে আবৃত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। আনসার ও ভিডিপি সদস্যদের পাশাপাশি বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং পর্যাপ্ত সংখ্যক বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি থাকবে এবং মোবাইল টিম সার্বক্ষণিক টহল দেবে। এ ছাড়া নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন আমাদের প্রধান লক্ষ্য। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণের আওতায় থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনীর এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ভোটের দিন কেন্দ্র ও আশপাশের এলাকায় কঠোর নজরদারি থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আমরা প্রস্তুত। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।

এদিকে নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানোর পর স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোটাররা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের প্রত্যাশা ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজস্থলী উপজেলা এখন পুরোপুরি প্রস্তুত। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশাই সবার।