রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার দুর্গম এলাকার ত্রিপুরা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে রাঙ্গামাটির নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রাজস্থলীর বিভিন্ন এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিজয় ত্রিপুরা (খ্রিস্টান ধর্মীয় পালক), রসনাতি ত্রিপুরা (মহিলা সদস্য), সুমন ত্রিপুরা (ধর্মীয় পালক), সাথীরাম ত্রিপুরা (১ নং ঘিলাছড়ি ইউনিয়ন, ১ নং ওয়ার্ড প্রতিনিধি), সতেন্দ্র ত্রিপুরা (১ নং ঘিলাছড়ি ইউনিয়ন, ১ নং ওয়ার্ড সদস্য) এবং রাম সাধু ত্রিপুরা (সাবেক ১ নং ওয়ার্ড সদস্য)সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামাজিক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুর্গম অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন এবং সরকারি সেবাসমূহ সহজলভ্য করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
এ সময় ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সাক্ষাৎটি ছিল আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত, যা রাজস্থলী উপজেলার ত্রিপুরা জনগোষ্ঠীর সঙ্গে সরকারের যোগাযোগ ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



