ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাঙামাটিতে ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৯:০২ পিএম
ছবি- সংগৃহীত

রাঙামাটি পার্বত্য জেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪১ হাজার টাকাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর আনুমানিক ১টার দিকে রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী (ধোপাপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক কারবারি সজল দাশের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন: সজল দাশ (৩৪), হৃদয় দাশ (২৫), মো. সাইফুল ইসলাম (৩০), বৃন্দাবন বড়ুয়া (৩১), সুমন দাশ (৩৫) এবং কাজল দাশ (২৬)। তাদের সবার বাড়ি কাঁঠালতলী (ধোপাপাড়া) ও আশপাশ এলাকায়।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৪১ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দতালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে সজল দাশের স্ত্রী রীতা দাশ (২৫) এবং অপর মাদক ব্যবসায়ী শুভ (পূর্ণ পরিচয় অজ্ঞাত) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।