ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

তালায় কালভার্টের নিচে পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সাতক্ষীরার তালায় মুহূর্তের অসতর্কতায় কালভার্টের নিচে পানিতে ডুবে রুমানা খাতুন নামের ৫ বছর বয়সি এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার ঢ্যামসাখোলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুমানা খাতুন ঢ্যামসাখোলা গ্রামের শাহিনুর রহমান মোড়লের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে রুমানা তার মা রেশমা বেগমের সঙ্গে ছাগল নিয়ে মাঠে যায়। মা বাড়ির পাশের একটি কালভার্টের ওপর রুমানাকে বসিয়ে রেখে একটু দূরে ছাগল বাঁধতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি কালভার্টের ওপর মেয়েকে আর দেখতে পাননি।

পরবর্তীতে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে কালভার্টের নিচে পানির ওপর রুমানার নিথর দেহ ভাসতে দেখেন। সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি প্রাণ হারায়।

এদিকে, মায়ের চোখের আড়ালে মুহূর্তের অসতর্কতায় ফুটফুটে শিশু রুমানার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।