ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর বিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকার নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জুলাই) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে প্রায় ২৫টি রিং জাল এবং ২০টি কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মনিরা সুমি বলেন, রিং জাল ও কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে ধরা পড়ায় মৎস্যসম্পদের মারাত্মক ক্ষতি হয় এবং প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয়। মৎস্যসম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের জলজ সম্পদ সংরক্ষণ এবং মাছের টেকসই উৎপাদন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ জালের ব্যবহার অনেকাংশে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

