ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

দায়িত্ব পালনে যাওয়ার পথে নির্বাচন কর্মকর্তার মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:৩৭ পিএম
নিহত রোকনুজ্জান রুকন। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে যাওয়ার পথে শেরপুরে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের চরপক্ষীমারী ইউনিয়নের শিমুলতলী এলাকায় একটি মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকনুজ্জান রুকন (৩১) শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট টেকনোলজি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর ছিলেন। তিনি শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায়।

দুর্ঘটনায় আহত চারজনকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রোকনুজ্জানকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রবিন জানান, গত সোমবার পারিবারিক কাজে রোকন শেরপুর থেকে বাড়িতে যান। বুধবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে তিনি নির্বাচনি দায়িত্ব পালনের উদ্দেশ্যে শেরপুরের দিকে রওনা দেন এবং পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা হক জানান, নিহত কর্মকর্তার কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য অন্য একজনকে নিয়োগ দেওয়া হবে। পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা থাকায় নির্বাচনের কার্যক্রমে কোনো ব্যাঘাত হবে না।