ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইফতারিতে বাড়তি আকর্ষণ ঘোষপট্টির ‘মাসকলাইয়ের আমিত্তি’

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:৩২ পিএম
শেরপুর জেলার প্রসিদ্ধ মিষ্টির মধ্যে অন্যতম ‘মাসকলাইয়ের আমিত্তি’। ছবি : রূপালী বাংলাদেশ

খোরমা-খেজুর থেকে শুরু করে লাচ্ছি, বোরহানি, কলা, মুড়ি, পিঁয়াজু, লাড্ডু, বুনদিয়া আরও কত রকম খাবার। কিন্তু এসবের মধ্যে ইফতারের তালিকায় ‘মাসকলাইয়ের আমিত্তি’র কদর নারী-পুরুষ সববয়সী মানুষের কাছেই। রোজাদারদের কাছে ইফতারসন্ধ্যাকে আরও আনন্দময় করতে এর জুড়ি নেই। আর ভোজনবিলাসী মানুষ মাত্রই ইফতারে চান ঘোষপট্টির মাসকলাইয়ের আমিত্তি।

শেরপুর জেলার প্রসিদ্ধ মিষ্টির মধ্যে অন্যতম এই ‘মাসকলাইয়ের আমিত্তি’। এ মিষ্টি মূলত শরৎকালে তৈরি হলেও এখন রমজান মাসে এটি তৈরি করে রোজাদারদের নিকট বিক্রি করা হচ্ছে। তাই এখন ইফতারিতে ঝাল খাবারের পাশাপাশি রোজাদারদের নিকট এ মিষ্টি এক বাড়তি আকর্ষণ হিসেবে পরিণত হয়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় রমজান মাসে এই মিষ্টির চাহিদা বেড়ে হয় কয়েকগুণ। বিশেষ করে ইফতার আয়োজনে এ মিষ্টির রয়েছে ভীষণ কদর। আর তাই এ মিষ্টির জন্য প্রতিদিন বিপুল সংখ্যক ক্রেতার সমাগম ঘটে শহরের ঘোষপট্টির মিষ্টির দোকানগুলোয়।

শেরপুরের প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টি ছানার পায়েশের মতো অত্যন্ত জনপ্রিয় মিষ্টি হচ্ছে ‘মাসকলাইয়ের আমিত্তি’। এর মূল উপকরণ হচ্ছে মাসকলাই। সাথে আতপ চালের গুঁড়ো। শহরের মুন্সিবাজার ঘোষপট্টির দুর্গাচরণ মিষ্টান্ন ভান্ডারের মালিক মঙ্গল চন্দ্র ঘোষ জানান, মাসকলাইয়ের আমিত্তি তৈরি করার পদ্ধতি।

তিনি বলেন, প্রথমে কাঁচা মাসকলাইয়ের ডাল ভালো করে ভিজিয়ে রেখে শিলপাটায় গুঁড়ো করা হয়। এরপর তাতে পরিমাণমতো চালের গুঁড়ো মেশানো হয়। এরপর কাঁচা আমিত্তি তৈরি করে উচ্চ তাপমাত্রায় তেলে ভাজা হয়। পরে ভাজা আমিত্তিগুলো চিনি দিয়ে মিশ্রিত শিরায় কিছুক্ষণ ভিজিয়ে রেখে তা বিক্রির জন্য প্রস্তুত করা হয়। আর এভাবেই তৈরি হয় এই সুস্বাদু মিষ্টি।

বর্তমানে শহরের ঘোষপট্টির দুর্গাচরণ মিষ্টান্ন ভান্ডার, রাজবল্লভ মিষ্টান্ন ভান্ডার, নন্দ গোপাল মিষ্টান্ন ভান্ডার, প্রেমানন্দ গ্র্যান্ড সন্স, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারসহ বিভিন্ন দোকানে এই মিষ্টি প্রতিকেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি করা হচ্ছে। চলতি রমজান মাসে প্রতিদিন গড়ে প্রায় ৪০০ কেজি আমিত্তি বিক্রি হয় বলে মিষ্টি ব্যবসায়ীরা জানান।

ঘোষপট্টির দুর্গাচরণ মিষ্টান্ন ভান্ডারে মাসকলাইয়ের আমিত্তি কিনতে আসা গৃহবধূ মারিয়া আক্তার বলেন, এই আমিত্তি অত্যন্ত সুস্বাদু। রমজান মাসে ইফতারিতে এটি রোজাদারদের কাছে এক বাড়তি আকর্ষণ। তাই প্রায় প্রতিদিনই তারা ইফতারিতে অন্যান্য খাবারের সাথে আমিত্তিও খেয়ে থাকেন।