ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

থানায় তদবিরে এসে বিএনপি নেতা গ্রেপ্তার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ১২:২৫ পিএম
গ্রেপ্তার বিএনপি নেতা মো. আব্দুর রাজ্জাক।

সিরাজগঞ্জের তাড়াশে মামলার প্রধান আসামি হিসেবে থানায় এসে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করার সময় বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় তাকে তাড়াশ থানা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নেতা হলেন উপজেলার তালম ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক (গাবরগাড়ি গ্রামের বাসিন্দা)। 

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান।

পুলিশ জানায়, মামলার প্রধান আসামি হয়েও আব্দুর রাজ্জাক থানায় এসে মামলা-সংক্রান্ত বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার গাবরগাড়ি জামে মসজিদ কমিটির পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তালম ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মো. এনামুল হক ও আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ১৫–১৮ জনের একটি দল প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ধরে নেয় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনার প্রতিবাদে ১৮ এপ্রিল মসজিদ কমিটির লোকজন মানববন্ধনের আয়োজন করলে সেখানে বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হন।

পরবর্তীতে গত ২১ এপ্রিল মসজিদ কমিটির পক্ষে গ্রাম্য প্রধান মো. তোজ্জামেল হোসেন বাদী হয়ে সিরাজগঞ্জ মোকাম আমলী আদালতে আব্দুর রাজ্জাক ও এনামুল হকসহ ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি ছিলেন আব্দুর রাজ্জাক।