ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

গভীর রাতে বিধবার ঘরে মসজিদের ইমাম, ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৯:০৫ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘর থেকে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর একটি মসজিদের ইমাম ওই নারীকে বিয়ে করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনাটি শনিবার (২৭ জুন) গভীর রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মো. সেলিম ওই এলাকার মৃত আল আমিনের স্ত্রী শানু বেগমের বাড়িতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে এলাকাবাসী তাকে সেখানে আটক করেন।

মসজিদের কয়েকজন মুসল্লির দাবি, মো. সেলিম প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছেন। এ ঘটনায় তারা বিব্রত হয়েছেন।

স্থানীয়দের ভাষ্য, শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকেই ইমাম সেলিমের সঙ্গে তার যোগাযোগ নিয়ে এলাকায় আলোচনা ছিল।

অভিযোগের বিষয়ে মো. সেলিম বলেন, প্রায় দেড় মাস ধরে তাদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ ছিল। সেই সূত্রেই তিনি ওই বাড়িতে গিয়েছিলেন। পরে স্থানীয়রা তাকে আটক করেন।

শানু বেগম বলেন, আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে আলোচনার মাধ্যমে ১০ লাখ টাকা কাবিন নির্ধারণ করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। এরপর ইমাম সেলিম নববধূকে নিজ বাড়িতে নিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, বিষয়টি পুলিশ জেনেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।