‘আপনারা ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুণ, আমি বিজয়ী হলে ইনশাআল্লাহ নির্বাচনের এক বছরের মধ্যে এলাকার পরিবর্তন ও দৃশ্যমান উন্নয়ন দেখতে পারবেন।’ গোয়াইনঘাটের ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নে সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর তার সর্বশেষ নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সোমবার (২৬ জানুয়ারি) বেলা বিকেল ৫টায় ইউনিয়নের স্থানীয় তোয়াকুল বাজারের পুরাতন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত পথসভায় তিনি আরও বলেন, ‘গত ১৭ বছর এ আসনে উন্নয়নের কোনো ছিটেফোঁটা পড়েনি। এ যেন অধিকারবঞ্চিত এক বিচ্ছিন্ন দ্বীপ। আমি নির্বাচিত হলে ইনশা আল্লাহ পরিবর্তন আসবে, আসবেই। বিএনপির ভাইদের বলি গায়ের জোরে কাউকে মামলা-হামাল-নির্যাতন করা যাবে না। অন্যায় করলে আমি আমার দলের কাউকে ছাড় দেব না।’
তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সামস উদ্দিন আল-আজাদের পরিচালনায় ও মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা জেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ তোয়াকুল ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডের নেতাকর্মী-সমর্থকদের উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ ছিল।

