সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের একটি কূপ থেকে দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- সিলেটের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কুল্লুগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে একটি দেশীয় অস্ত্র কূপের মধ্যে ফেলে রাখা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালায়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত সন্দেহে সুরমানকে আটক করে পুলিশ। পরে তার দেওয়া জবানবন্দির ভিত্তিতে দিনব্যাপী তল্লাশি শেষে রাত প্রায় ৮টার দিকে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় জাফলংয়ের রসুলপুর এলাকার একটি কূপের ভেতর থেকে দেশীয় পিস্তল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে আরও দুইজনকে আটক করা হয়।
দেশীয় অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সোর্সের দেওয়া তথ্যের মাধ্যমে একজনকে আটক করা হয়। ধৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় জনসাধারণ ও সংবাদকর্মীদের সহযোগিতায় কূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।



