ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ছাত্রদল নেতা নাসির উদ্দিনকে অব্যাহতি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৯:২১ এএম
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাসির উদ্দিন রনিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১০ মে) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ। তিনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক কার্যক্রমের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে ঘাটাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন রনিকে সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে, সংগঠনের কার্যক্রম সচল রাখতে ঘাটাইল উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহান খানকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি পৌর এলাকার বাসিন্দা শাহিদা বেগম ঘাটাইল থানায় নাসির উদ্দিন রনি ও তার পরিবারের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পরে গত বৃহস্পতিবার (৭ মে) পুলিশ রনি ও তার মা নাজমা বেগমকে আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার নাসির উদ্দিন রনির মা নাজমা বেগম জামিন পেলেও রনির জামিন আবেদন খারিজ করেছেন আদালত।