ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে কোরবানির গরু চুরি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: মে ২৮, ২০২৬, ০৩:০৭ এএম
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের যোগীরকোফা গ্রামে কোরবানির জন্য কেনা একটি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) রাতে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার লতিফপুর ইউনিয়নের যোগীরকোফা গ্রামের বাসিন্দা আমিরুল ইসলাম চৌধুরী মঙ্গলবার বিকেলে দেওহাটা পশুর হাট থেকে কোরবানির জন্য ৮৭ হাজার টাকায় একটি গরু কেনেন। রাতে বাড়ির উঠানে ঘরের সামনে গরুটি বেঁধে রাখা হয়। তবে সকালে ঘুম থেকে উঠে গরুটি খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

আমিরুল ইসলাম চৌধুরী বলেন, মঙ্গলবার বিকেলে দেওহাটা হাট থেকে গরুটি কিনে বাড়িতে আনি। রাতে উঠানে বেঁধে রাখি। সকালে ঘুম থেকে উঠে দেখি গরুটি নেই। বিভিন্ন স্থানে খুঁজছি, কিন্তু বেলা ১টা পর্যন্তও কোনো সন্ধান পাইনি।

এ বিষয়ে মির্জাপুর থানা পুলিশের উপপরিদর্শক (ডিউটি অফিসার) সেলিম মিয়া বলেন, গরু চুরির বিষয়টি জানা নেই। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।