ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, জ্বালানি সংকটে ক্ষোভ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:৫৪ এএম
রাণীশংকৈলে সংবাদ সম্মেলন। ছবি : রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নূরনবী সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও অসদাচরণের অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। একই সঙ্গে চলমান জ্বালানি সংকট নিরসনে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) উপজেলার সচেতন নাগরিকদের ব্যানারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি মামুনুর রশিদ মামুন পিআইও’র বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, পিআইও নূরনবী সরকার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার অভাব সৃষ্টি করেছেন। প্রকল্প বণ্টন, কাজের মান ও আর্থিক ব্যবস্থাপনায় অনিয়মের কারণে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও রয়েছে, যা প্রশাসনের প্রতি জনআস্থা ক্ষুণ্ন করছে।

এ ছাড়াও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট পিআইও চারজন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন, যা মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের জন্য উদ্বেগজনক বলে অভিহিত করা হয়।

অভিযোগকারীরা জানান, পিআইও অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম চলে আসছে। প্রকল্প গ্রহণ করতে গেলে অস্বচ্ছ প্রক্রিয়া, চাপ ও জটিলতার মুখোমুখি হতে হয়, যা সুশাসনের পরিপন্থী।

অন্যদিকে, স্মারকলিপির পাশাপাশি আয়োজিত সংবাদ সম্মেলনে জ্বালানি তেলের তীব্র সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ডিজেল, পেট্রোল অকটেন , জ্বালানির ঘাটতির কারণে পরিবহন খাত, কৃষি কার্যক্রম এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়ভাবে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগও উত্থাপিত হয়েছে।

স্মারকলিপিতে উত্থাপিত দাবিসমূহ হলো— জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক, সুশৃঙ্খল ও স্বচ্ছ করা; বিতরণ ব্যবস্থায় সিন্ডিকেট ও অনিয়ম বন্ধে কঠোর নজরদারি জোরদার করা; পিআইও’র বিরুদ্ধে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা; অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ; সকল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করা।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন গণঅধিকার পরিষদের রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি মো. সোহরাব আলী এবং সাধারণ সম্পাদক জাফর আলী।

এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম জানান, স্মারকলিপিটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও জানান, জ্বালানি তেলের পাম্পগুলোতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। পাশাপাশি বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চালু রয়েছে।