ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

মাস্তুল ফাউন্ডেশন আয়োজিত দিনব্যাপী জাকাত কনফারেন্স

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ১২:৪৪ পিএম
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাকাত কনফারেন্স–২০২৬’। ছবি : সংগৃহীত

আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মাস্তুল ফাউন্ডেশন ও আল যাকাত সাদাকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘জাকাত কনফারেন্স-২০২৬’।

মাস্তুল ফাউন্ডেশনের শরিয়াহ বোর্ডের সম্মানিত এবং জাকাত কনফারেন্সের আয়োজক কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম (হাফেজ মাওলানা মুফতি মোহাদ্দিস) এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবছরের মতো এবারও জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর, স্বচ্ছ ও সমাজ উন্নয়নমুখী করার লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনের মূল লক্ষ্য হলো জাকাতের মাধ্যমে কীভাবে সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং দারিদ্র্য বিমোচন সম্ভব, সে বিষয়ে কার্যকর দিকনির্দেশনা তৈরি করা। এ বিষয়ে সাত বছর ধরে মাস্তুল ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জাকাত কনফারেন্স ২০২৬-এর মূল উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন ও মানবিক উন্নয়নে জাকাতের কার্যকারিতা, সম্ভাবনা ও বাস্তব প্রয়োগ তুলে ধরা। একই সঙ্গে জাকাতের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, জাকাতের শুদ্ধ অনুশীলন ও প্রসার, জাকাতের হিসাব ও পরিমাণ নির্ধারণ, আধুনিক প্রেক্ষাপটে জাকাতের প্রয়োগ, জাকাত বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং জাকাত সংগ্রহ ও বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ কর্মশালা আয়োজন করা হবে।

এই সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা ইসলামিক স্কলার, সরকারি কর্মকর্তাবৃন্দ, সমাজসেবী, উন্নয়ন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ডাক্তার, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ মাস্তুল ফাউন্ডেশনের দাতা ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন।

আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যেখানে দারিদ্র্য ও বৈষম্যের কোনো স্থান নেই। সেই স্বপ্ন বাস্তবায়নে জাকাত কেবল একটি ইবাদত নয়; বরং এটি একটি শক্তিশালী সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা। সঠিক পরিকল্পনা, স্বচ্ছতা ও দায়িত্বশীল বণ্টনের মাধ্যমে জাকাত মানুষের জীবন বদলে দিতে পারে এবং একটি টেকসই মানবিক সমাজ গড়ে তুলতে পারে।

মাস্তুল ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি স্বনামধন্য ও সেবামূলক জাতীয় প্রতিষ্ঠান। বিগত এক দশকের বেশি সময় ধরে মাস্তুল ফাউন্ডেশন দেশের সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে। ২০১২ সাল থেকে মাস্তুল ফাউন্ডেশন দেশ ও ২০২৩ সাল থেকে দেশের বাইরে মানবিক সেবার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০২৪ সালে গাজা ও ২০২৫ সালে সুদানের সংকটের সময়ে তারা দ্রুত এবং জরুরি সহায়তা খাদ্য, পানি ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দিয়ে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। দেশের ভেতরে দারিদ্র্য নিরসনে তাদের সমন্বিত ও টেকসই কার্যক্রম বিশেষভাবে উল্লেখযোগ্য।

শিক্ষা, সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার স্কিলসহ নানামুখী কারিগরি প্রশিক্ষণ এবং মাস্তুল ফাউন্ডেশনের অন্যতম সফল প্রকল্প ‘জাকাত স্বাবলম্বী’র মাধ্যমে অসংখ্য অসহায় ব্যক্তি ও যুব সমাজের জন্য স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, যা তাদের আত্মনির্ভরশীল করে তুলছে।

রাজধানীর বিভিন্ন প্রান্তে প্রতিদিন বিনামূল্যে অসহায় ও সুবিধাবঞ্চিতদের একবেলার খাবার পৌঁছে দিচ্ছে। এতিম শিশু এবং প্রবীণদের জন্য নির্মাণাধীন শেল্টার হোম কমপ্লেক্স প্রকল্পটি ভবিষ্যতের প্রতি মাস্তুলের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

উল্লেখ্য, সরকারি নিবন্ধিত ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইন অনুযায়ী, মাস্তুল ফাউন্ডেশনকে প্রদত্ত যেকোনো দান, জাকাত বা সাদাকা আয়করমুক্ত, যা দাতাদের জন্য আয়কর রেয়াত হিসেবে গণ্য হবে।