পেট্রোবাংলার আওতাধীন ১৩টি কোম্পানির তরুণ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পেট্রো কোম্পানিজ ইয়ুথ অ্যাসোসিয়েশন (পিসিওয়াইএ) আয়োজিত প্রথম আন্তঃকোম্পানি প্রীতি ফুটসাল টুর্নামেন্ট-২০২৬ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাজধানীর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লা, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ১০টি কোম্পানি টুর্নামেন্টে অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড। রানার-আপ হয় রাষ্ট্রায়ত্ত গ্যাস সঞ্চালন প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।
টুর্নামেন্টের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আইইবির সম্মানী সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন ও অর্থ) প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিওয়াইএর সভাপতি প্রকৌশলী মীর মোবারক হোসেন।
এ সময় পেট্রোবাংলার ১৩টি কোম্পানির অফিসার্স অ্যাসোসিয়েশন, ইয়ুথ অ্যাসোসিয়েশন ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ব্যক্তিগত ক্যাটাগরিতেও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে পেট্রো কোম্পানিজ ইয়ুথ অ্যাসোসিয়েশনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম তুলে ধরা হয়।
আয়োজকদের মতে, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল পেট্রোবাংলার আওতাধীন বিভিন্ন কোম্পানির তরুণ কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করা।
অনুষ্ঠান সফল করতে পিসিওয়াইএর সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রাফিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. জাহিন আমীর খান, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ জাকিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আব্দুর রাজ্জাক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ তারেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

