ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

বিইউবিটিতে ফায়ার সার্ভিসের উদ্যোগে অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয়, অগ্নি নির্বাপণ কৌশল এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রোভার স্কাউট ও বিএনসিসি সদস্য, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা অংশ নেন।

বুধবার (৮ জুলাই) বিকেল ৩টায় বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন কক্ষে প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য ও ট্রাস্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজরি কমিটির উপদেষ্টা লে. জেনারেল (অব.) ডা. একেএম জাফরুল্লাহ সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. আলী আহমেদ।

প্রশিক্ষণে অতিথি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মিরপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান সিরাজ। তিনি অংশগ্রহণকারীদের অগ্নি দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম, অগ্নি নির্বাপণের বিভিন্ন কৌশল এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণ শেষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খোলা প্রাঙ্গণে বাস্তব অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় নিরাপদে ভবন ত্যাগ, আগুন নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি এবং আহতদের দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদানের কৌশল প্রদর্শন করা হয়।

আয়োজকরা জানান, এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সাড়া দিতে সক্ষম একটি প্রস্তুত জনশক্তি গড়ে তোলা এবং শিক্ষার্থী ও কর্মীদের মধ্যে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি করা।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও দায়িত্বে ছিলেন বিইউবিটির প্রক্টর উইং কমান্ডার (অব.) মো. মোমেনুল ইসলাম। আয়োজকরা আরও জানান, ভবিষ্যতেও শিক্ষার্থী ও কর্মীদের দুর্যোগ ব্যবস্থাপনায় দক্ষ করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।