রাজধানীর বনানীতে মোবাইল ফোন ছিনতাইয়ের সময় ইমন (২৬) নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান জোন।
বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
গুলশান ট্রাফিক জোন সূত্রে জানা যায়, সকালে বনানী থানার কাকলি ক্রসিং এলাকায় নিয়মিত ট্রাফিক ডিউটিতে ছিলেন সার্জেন্ট শাহীন মিয়া ও তার সঙ্গে থাকা ট্রাফিক সদস্যরা। এ সময় হঠাৎ এক নারীর চিৎকার শুনে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
পরে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে ইমনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানায় হস্তান্তর করা হয়েছে।

