ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারদর ১৩৬ শতাংশ বৃদ্ধি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০১:১৫ পিএম
এই দিয়ে তৈরি ছবি।

মাত্র চার মাসে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারদর ১৩৬ শতাংশ বেড়েছে। এ দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য না পাওয়ায় শেয়ারটির দাম ও লেনদেনের কারণ তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গত ৮ মার্চ কোম্পানিটির শেয়ারদর ছিল ২৮ টাকা ৭০ পয়সা। যা ৭ জুলাই বেড়ে দাঁড়ায় ৬৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ চার মাসে শেয়ারটির দাম বেড়েছে ৩৮ টাকা ৯০ পয়সা বা প্রায় ১৩৬ শতাংশ।

শেয়ারদরের এমন অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে এর আগে কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে প্রভাতী ইন্স্যুরেন্স জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারদর বেড়েছে।

এদিকে শেয়ারটির দাম ও লেনদেনে অস্বাভাবিকতা লক্ষ্য করে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে বিএসইসি। কমিশনের সার্ভেইল্যান্স বিভাগ থেকে জারি করা নির্দেশনায় আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএসইকে বলা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ও লেনদেনে অস্বাভাবিকতা দেখা গেছে। বিষয়টি স্বাভাবিক মনে হয়নি বলেই প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কোনো অনিয়ম বা কারসাজির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কমিশনের নির্দেশনা অনুযায়ী তদন্তে খতিয়ে দেখা হবে— শেয়ারটি নিয়ে কোনো সমন্বিত কারসাজিমূলক লেনদেন হয়েছে কি না, অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং হয়েছে কি না, স্টক ব্রোকার, ডিলার ও তাদের প্রতিনিধিরা মার্জিন রুলস এবং কমিশনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেছেন কি না। পাশাপাশি সন্দেহজনক লেনদেন প্রতিরোধে মধ্যস্থতাকারীদের কোনো ব্যর্থতা ছিল কি না এবং সিকিউরিটিজ আইনের অন্য কোনো লঙ্ঘন ঘটেছে কি না, তাও তদন্তে যাচাই করা হবে।

বাজার সংশ্লিষ্টদের মতে, কোনো মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই একটি কোম্পানির শেয়ারদরে এত বড় উল্লম্ফন সাধারণ বিনিয়োগকারীদের জন্য ঝুঁকির কারণ হতে পারে। তাই বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে তদন্ত দ্রুত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

উল্লেখ্য, ১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রভাতী ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধন ৮১ কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ১২ লাখ ১৪ হাজার ৫৫৯টি। ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ৩৯ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ২৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৩৮ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।