ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

জীবননগর সীমান্ত থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ মাদক উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ১২:২৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত থেকে একটি বিদেশি (Mae in USA) ৭.৬৫ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ ২২ বোতল ভারতীয় Eskuf Syrup উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৮ জুলাই ) ভোর ৫টার দিকে এগুলো উদ্ধার করা হয়। 

বিজিবির সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটলিয়ান (৫৮ বিজিবি) অধীনস্থ মাধবখালি বিওপি ক্যাম্পের হাবিলদার সাইফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাদকখালি  সীমান্তের ৭০/৬ এসে পিলার থেকে ৩০০ গজ দূরে জসীম উদ্দীনের বাঁশ বাগানে ওঁৎ পেতে ছিল। এ সময় একজন চোরাচালানি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাকে ধাওয়া করলে সে একটি নেটের প্লাস্টিকের ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। এরপর ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ২০ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করে। 

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত জীবননগর থানায় হস্তান্তরে প্রক্রিয়াধীন।