ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬

চাঁদপুর যুব মহিলা লীগের সভাপতি ফরিদা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০১:২৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চাঁদপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন গোপনে থাকলেও সম্প্রতি নিজ বাসায় অবস্থান করছিলেন।

বুধবার (৮ জুলাই) দুপুরে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার  ওসি ফয়েজ আহমেদ।

ফরিদা ইলিয়াছ শহরের উত্তর শ্রীরামদী শ্রমিক কলোনির মৃত আব্দুল গফুর শেখের মেয়ে। তার স্বামীর নাম ইলিয়াস হোসেন। তিনি ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে নিয়মিত সক্রিয় ভূমিকা পালন করেন এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনির অনুসারী।

পুলিশ জানায়, ফরিদা ইলিয়াছকে সন্ত্রাসবিরোধী মামলার আসামি হিসেবে আজ সকাল ৮টায় শহরের বড় স্টেশন উত্তর শ্রীরামদী নিজ বাসা থেকে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর এর নেতৃতে থানাপুলিশ গ্রেপ্তার করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির উপস্থিত ছিলেন।

গত ৮ জুন সন্ত্রাসবিরোধী আইনে থানায় বাদী হয়ে মামলাটি করেন উপপরিদর্শক (এসআই) আল-আমিন। 

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।