ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৯:৪৭ পিএম
আনিছুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান। আগামী তিন বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২, এর আর্টিকেল ১০ (৪) অনুযায়ী মো. আনিছুর রহমানকে তার বর্তমান পদ (নির্বাহী পরিচালক) থেকে স্বেচ্ছায় অবসরগ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে এই নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে। জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।