ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৯:০৬ পিএম
ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নুরুল আমীন (৬০), তার স্ত্রী ফাতেমা বেগম (৫০) এবং তাদের ছেলে ফরহাদ শাহ (৩৮)।

সোমবার (৬ জুলাই) বিকেলে অনন্তপুর গ্রামে নিজেদের টং দোকানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের ভেতরে থাকা বিদ্যুতের একটি তারে হাত লাগলে প্রথমে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে একে একে অপর দুজনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত সেখানে ছুটে এসে তিনজনকে উদ্ধার করেন। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

বিশ্বম্ভরপুর থানার ওসি শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।