ধর্ষণের অভিযোগে নেপালের জনপ্রিয় অভিনেতা সাগর লামসালকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) ‘বেলে’ নামে পরিচিত এই অভিনেতাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদমাধ্যম নেপালি নিউজের প্রতিবেদনে বলা হয়, কাঠমান্ডু জেলা পুলিশ রেঞ্জের প্রধান ও সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ রমেশ থাপা জানান, রাজধানীর বুধানীলকণ্ঠ পৌরসভার কাপান এলাকার বালুয়াখানি থেকে সাগর লামসালকে আটক করা হয়।
এর আগে ৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে বসবাসরত এক নারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সাগরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। তার দাবি, ঘটনাটি যুক্তরাষ্ট্রে ঘটেছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্তের স্বার্থে অভিনেতাকে হেফাজতে নেওয়া হয়েছে।
সাগর লামসাল নেপালের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ। তিনি মূলত কমেডি চরিত্রে অভিনয় ও বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন।

