ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জনপ্রিয় গায়িকার মরদেহ উদ্ধার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৮:২৫ পিএম
গায়িকা ও কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহ। ছবি- সংগৃহীত

ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তার একটি ফ্ল্যাট থেকে জনপ্রিয় গায়িকা ও কনটেন্ট ক্রিয়েটর লুলা লাহফাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহকর্মী দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরও কোনো সাড়া না পেয়ে ২৩ জানুয়ারি মরদেহটি খুঁজে পান। মৃত্যুকালে লাহফাহের বয়স ছিল ২৬ বছর।

মরদেহ উদ্ধারের বিষয়টি তখন ব্যাপক আলোচনা ও শোরগোল সৃষ্টি করেছিল। এরপর বিষয়টি কিছুদিন তদন্তাধীন ছিল। কিন্তু, ৩০ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে মেট্রো জায়া পুলিশের জনসংযোগ প্রধান বুদি হারমান্তো জানান, লাহফাহর পরিবারের অনুরোধে ময়নাতদন্ত করা হয়নি। সেই কারণে আইনশৃঙ্খলা বাহিনী আর বিষয়টি তদন্ত করছে না।

মার্কিন সংবাদমাধ্যম পিপল ডটকম জানায়, লাহফাহর পরিবার বিশেষভাবে অনুরোধ করেছিলেন যেন মেয়ের মৃত্যুর বিষয়টি ময়নাতদন্তের মাধ্যমে প্রকাশ না করা হয়। পুলিশ জানিয়েছে, মরদেহে কোনো দৃশ্যমান সহিংসতার চিহ্ন ছিল না।

পুলিশ ফ্ল্যাট থেকে কিছু ওষুধও উদ্ধার করে। তদন্তে দেখা গেছে, লাহফাহ কোনো ধরনের মাদক ব্যবহারের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে তিনি কিছু স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন এবং শারীরিক অসুস্থতার কারণে পূর্বে নিউ ইয়ার হাসপাতালেও চিকিৎসা নিয়েছিলেন।

মরদেহ উদ্ধার হওয়ার পর দক্ষিণ জাকার্তা পুলিশের অপরাধ তদন্ত ইউনিট বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এই ঘটনায় অন্তত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। এর মধ্যে লাহফাহর প্রেমিক রেজা অক্টোভিয়ান, যিনি ব্যান্ড উইয়ার্ড জিনিয়াসের সদস্য, অন্তর্ভুক্ত ছিলেন।

দক্ষিণ জাকার্তা মেট্রো পুলিশের অপরাধ তদন্ত ইউনিটের প্রধান একেবিপি ইসকান্দারসিয়াহ জানিয়েছেন, রেজা ২৬ জানুয়ারি সন্ধ্যায় সমন অনুযায়ী হাজির হন। তাকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের সময় তিনি ৩০টি প্রশ্নের উত্তর দিয়েছেন।

লাহফাহ সোশ্যাল মিডিয়ায় নিজস্ব লাইফস্টাইল, সৌন্দর্য ও সংগীত বিষয়ক কনটেন্ট পোস্ট করতেন। তিনি সাউন্ডক্লাউডে গান কভার করে শুরু করেছিলেন এবং পরবর্তীতে কয়েকটি মৌলিক গানও প্রকাশ করেছেন। তার ইনস্টাগ্রাম ও টিকটকে প্রায় ৩৩ লাখেরও বেশি ফলোয়ার ছিল।

লাহফাহর আকস্মিক মৃত্যু ভক্ত ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া ফেলেছে। সামাজিক মাধ্যমে তার মৃত্যু নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।