ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১১:১৫ এএম
শহীদ আবু সাঈদ। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আজ রোববার তৃতীয় দিনের মতো রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা এ মামলায় মোট ৩০ জন আসামির বিরুদ্ধে বিচার চলছে।

রোববার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানিটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, এদিন প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার অবশিষ্ট যুক্তি, সাক্ষ্য প্রমাণ এবং আইনি বিশ্লেষণ উপস্থাপন করা হবে। এর মাধ্যমে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর্ব প্রায় শেষ পর্যায়ে পৌঁছাবে।

এর আগে গত ২২ জানুয়ারি দিনভর যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। ওই দিন তিনি আদালতের সামনে সাক্ষীদের জবানবন্দি, তদন্ত কর্মকর্তার জব্দ করা আলামত, নথিপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান তুলে ধরেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ দাবি করে, উপস্থাপিত সাক্ষ্য প্রমাণে আসামিদের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা স্পষ্ট হয়েছে। ওই দিনের শুনানি শেষে আদালত আজ পর্যন্ত মামলাটি মুলতবি করেন।

গত ২১ জানুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে মামলার এই ধাপ শুরু হয়। টানা তিন দিনের যুক্তিতর্ক পর্ব শেষ হলে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন শুরু করবেন। এরপর মামলাটি রায়ের পর্যায়ে যাবে।

মামলার নথি অনুযায়ী, গত ১৪ জানুয়ারি তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরা সম্পন্ন হয়। এ মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ২৫ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে।

৩০ আসামির মধ্যে বর্তমানে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন এএসআই আমির হোসেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ ২৪ জন আসামি এখনো পলাতক। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত চারজন আইনজীবী আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এর আগে ৬ আগস্ট ট্রাইব্যুনাল-২ মামলার ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। তদন্ত সংস্থা গত ২৪ জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় এবং ৩০ জুন আদালত অভিযোগ আমলে নেন।