ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণভোট অধ্যাদেশ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ১১:৪০ এএম
উচ্চ আদালত। ছবি : সংগৃহীত

গণভোট অধ্যাদেশ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কেন অবৈধ নয়—জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 

এর আগে সংশ্লিষ্ট রিটগুলোর ওপর শুনানি সম্পন্ন হয়।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের নিষ্পত্তি শেষে এ রুল জারি করলেন হাইকোর্ট।

জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করা হয়। রিটে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিলের আবেদন জানানো হয়। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথকে অবৈধ ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী রেদোয়ান-ই খোদা রনি ও অ্যাডভোকেট গাজী মো. মাহবুব আলম এ দুটি রিট করেন।

এদিকে, গত ১৮ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাতিল এবং তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চেয়ে আরও একটি রিট করা হয়। ওই রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিতের আবেদন জানানো হয়েছিল। জনস্বার্থে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়।