আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিনের বিনিময়ে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে দীর্ঘ বৈঠকের পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই কমিটি গঠন করেন।
কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন চিফ প্রসিকিউটর নিজেই। অন্য সদস্যরা হলেন— প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগপ্রাপ্ত প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ল’ রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনার জন্য একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে। সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা ঘুষ চাওয়ার অভিযোগও এই কমিটি তদন্ত করবে।
এদিকে দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর বলেন, অভিযোগটি অত্যন্ত গুরুতর। কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা অনাকাঙ্ক্ষিত। বিষয়টি সামনে আসার পরপরই ব্যবস্থা নেওয়া উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন। তবে আনুষ্ঠানিক অভিযোগ পেলে এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলেও জানান তিনি।


