ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চরমোনাই পীর

গণরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০২:৩৯ এএম

গণরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল গণরায়কে অবজ্ঞা করার কারণে। চব্বিশের গণঅভ্যুত্থানের পাটাতনও নির্মিত হয়েছে গণরায়কে উপেক্ষা করার কারণে। ইতিহাস সাক্ষী জনরায় উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না। সে জন্য সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন। আইনি মারপ্যাঁচ, কথার ফুলঝুরি ও রাজনৈতিক স্বার্থ বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা করবেন না।’ গতকাল সোমবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলনের আমির বলেন, ‘জুলাই সনদে বিএনপিসহ সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। পরে সেই সনদের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করে গণভোট অনুষ্ঠিত হয়। তার দাবি, নির্বাচনের আগে বিএনপি গণভোটের বিরোধিতা করেনি; বরং বর্তমান প্রধানমন্ত্রীও একাধিকবার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।’ বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে চরমোনাই পীর বলেন, ‘রাজনীতিতে অসততা ও শঠতা করবেন না। গণরায়কে সম্মান জানান এবং নির্বাচনের আগে যে রাজনৈতিক অবস্থান নিয়েছিলেন, তাতে অটল থাকুন। গণভোটের রায় বাস্তবায়ন হলে নেতা হিসেবে আপনি, দল হিসেবে বিএনপি এবং রাষ্ট্রÑ সকলেই উপকৃত হবে।