সৌদি আরবে কর্মরত গৃহকর্মীদের জন্য রেসিডেন্সি পারমিট (ইকামা) ইস্যু ও নবায়নের ক্ষেত্রে নতুন সুবিধা চালু করেছে সরকার। নতুন ব্যবস্থার আওতায় এখন থেকে মাত্র তিন মাস মেয়াদের ইকামাও ইস্যু বা নবায়ন করা যাবে। এতে গৃহকর্মী নিয়োগকারী পরিবারগুলোকে আর একবারে বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে হবে না বলে ধারণা করা হচ্ছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং জাতীয় নিয়োগ প্ল্যাটফর্ম ‘মুসানেদ’-এর সমন্বয়ে এই ডিজিটাল সেবাটি চালু করা হয়েছে।
এর আগে গৃহকর্মীদের ইকামা নবায়নের ক্ষেত্রে সাধারণত এক বা দুই বছরের ফি একসঙ্গে পরিশোধ করতে হতো। তবে নতুন নিয়ম অনুযায়ী, নিয়োগকর্তারা প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১ কিংবা ২৪ মাসের জন্য ইকামা ইস্যু বা নবায়নের সুযোগ পাবেন। পুরো কার্যক্রম সম্পন্ন করা যাবে সরকারি অনলাইন সেবা প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে।
স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে, নতুন এই ব্যবস্থায় নিয়োগকর্তারা শুধুমাত্র যে সময়ের জন্য ইকামা নিতে চান, সেই সময়ের ফিই পরিশোধ করবেন। ফলে তিন মাস বা তার গুণিতক মেয়াদ বেছে নিলে প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে ফি পরিশোধের সুযোগ থাকবে, যা আর্থিক চাপ অনেকটাই কমাবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাষ্য, গৃহস্থালির কাজের বিভিন্ন ধরনের চাহিদা এবং নিয়োগকর্তাদের আর্থিক সক্ষমতার বিষয় বিবেচনায় রেখেই এই নমনীয় ব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে এটি সৌদি আরবের সরকারি সেবাকে আরও আধুনিক, কার্যকর এবং ডিজিটালভিত্তিক করার চলমান উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ।

