ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে একটি বাণিজ্যিক জাহাজে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় চার ভারতীয় নাবিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক ভারতীয় গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৯ জুলাই সন্ধ্যায় ওডেসা বন্দর ত্যাগের সময় জাহাজটি হামলার মুখে পড়ে। এতে চার ভারতীয় নাগরিক নিহত হন এবং আরও একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার হামলার শিকার হওয়া জাহাজটির নাম এমভি গোল্ডেন লিও। ওই জাহাজে মোট ১৭ জন নাবিক কর্মরত ছিলেন, যার মধ্যে পাঁচজন ছিলেন ভারতীয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস পুরো পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে এবং আহত নাবিকের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
এ ঘটনায় ভারত সরকার তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো, নিরীহ বেসামরিক নাবিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং আন্তর্জাতিক নৌচলাচল ও বাণিজ্যের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন কর্মকাণ্ড থেকে সব পক্ষের বিরত থাকা উচিত।


