ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাবেক বিচারপতির মৃত্যু, আধাবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:২৬ এএম
হাইকোর্ট। ছবি- সংগৃহীত

সাবেক বিচারপতি ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ এফ এম মেজবাহ উদ্দিনের মৃত্যুতে আজ সোমবার (১৫ ডিসেম্বর) আধাবেলা বিচারকাজ বন্ধ থাকবে। এ সময়ে বসবে না চেম্বার আদালতও।

সোমবার (১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সূত্রে বিষয়টি জানা গেছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ এফ এম মেজবাহ উদ্দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) বাদ জোহর সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে সুপ্রিম কোর্ট বারের সাবেক এই সভাপতির জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে অ্যাডভোকেট মেজবাহ উদ্দিনকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন তার মেয়ে অ্যাডভোকেট সীমন্তী আহমেদ।

উল্লেখ্য, ১৯৭৭ সালের ৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এ এফ এম মেজবাহ উদ্দিন। ২০০০ সালের ২৮ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। এরপর দুই বছর দায়িত্ব পালনের পর তাকে আর স্থায়ী বিচারপতি করা হয়নি।

পরে এ এফ এম মেজবাহ উদ্দিন আবারও আইন পেশায় ফিরে আসেন। ২০০৯-১০ সেশনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।