ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নতুন মন্ত্রিসভার সদস্যদের বরণে প্রস্তুত সচিবালয়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১২:০৮ পিএম
সচিবালয়। ছবি : সংগৃহীত

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে বরণ করে নিতে প্রস্তুত সচিবালয়। প্রশাসনের এই কেন্দ্রবিন্দুতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই সাজসজ্জা ও ব্যস্ততার চিত্র দেখা গেছে। অনেককে ফুলের মালা হাতে সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায়। পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্সের সদস্যরা সকাল থেকেই ভেতরে অবস্থান করছেন।

সচিবালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয় আগের দিন বিকেলেই ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কক্ষে নতুন নামফলক সংযোজন করা হয়েছে। অফিসকক্ষগুলোও নতুনভাবে সাজানো হয়েছে।

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসছেন। এ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সচিবালয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। দেশ পরিচালনার প্রথম কর্মদিবসে তিনি সচিবালয়ে অফিস করবেন। সেখানে মধ্যাহ্নভোজের পাশাপাশি বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

এদিকে প্রথম কর্মদিবসে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও সচিবালয়ে নিজ নিজ দপ্তরে যোগ দেবেন। তারা দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা করবেন এবং চলমান কার্যক্রম সম্পর্কে অবগত হবেন। পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরা সাংবাদিকদের ব্রিফিং করবেন বলেও জানা গেছে।