ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ চারপাশের দর্শক গ্যালারিগুলো আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ভরে ওঠে।
অধিবেশনের ভিভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় সেখানে ছিলেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এর আগে সকাল ১০টা থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে প্রবেশ করেন, নিজেদের আসন নির্ধারণ করেন এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
সংসদ সচিবালয় প্রথম অধিবেশনে বিশিষ্ট নাগরিক, কূটনীতিক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে। তাদের জন্য চারপাশের দর্শক গ্যালারিতে বিশেষ আসনের ব্যবস্থা করা হয়।
অধিবেশন দেখতে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ভিভিআইপি লাউঞ্জের স্পিকারের ডান পাশের গ্যালারিতে বসেন জুবাইদা রহমান, তার মা সৈয়দা ইকবাল মান্দবানু, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকো-এর সহধর্মিণী শর্মিলা রহমান সিঁথি।
এ ছাড়া উপস্থিত ছিলেন শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা এবং জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দু।
অধিবেশনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
বাম পাশের গ্যালারিতে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এবং পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
এ ছাড়া ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ শহীদ গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালে নেওয়া রিকশাচালক নুর মুহাম্মদকেও দর্শক গ্যালারিতে আমন্ত্রিত অতিথি হিসেবে দেখা যায়।


