ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জুলাই সনদের প্রতিটি দফা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৩, ২০২৬, ০১:৪৪ পিএম
ডিসি সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তারেক রহমান। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই সনদের প্রতিটি দফা আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। আমরা এ ব্যাপারে বদ্ধপরিকর।

রোববার (০৩ মে) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি আরেকটু পরিষ্কার করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। নির্বাচনি ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ- আমরা সেইসব কিছু অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই।

তিনি বলেন, আমরা এ ব্যাপারে বদ্ধপরিকর। আমি আশা করব, আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি, দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ভূমিকা রাখতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।