টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের একটি ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইউসুফ খান ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। তিনি আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের স্বজনেরা জানান, শনিবার সন্ধ্যায় বাড়ির পাশের একটি মাটির সাইট দেখতে গিয়ে নিখোঁজ হন ইউসুফ খান। পরে তার বোন পান্না আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন ও একই গ্রামের সৌদি প্রবাসী হানিফকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে ইউসুফ খানের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, শনিবার একটি মাটিবাহী ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে তাঁর সঙ্গে ইউসুফ খানের বাগ্বিতণ্ডা হয়। মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে তাঁদের ধারণা।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন