গাজীপুরে ছাত্রদল নেতার হাতে এক নারী ব্যবসায়ী হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ঢাকা মহানগরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে। একই সঙ্গে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক নারী নিপীড়নের অভিযোগের প্রতিবাদও জানানো হবে।
রোববার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ছাত্রশিবির জানায়, আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বিক্ষোভ মিছিলটি শুরু হবে। মিছিলটি শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে।
উল্লেখ্য, গাজীপুর মহানগরীর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে এক নারী ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা আশিকের বিরুদ্ধে। নিহত রানী (৪৫) স্থানীয় ‘রানী ফ্যাশন গ্যালারি’র স্বত্বাধিকারী ছিলেন।
গত শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রানীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার ছেলে হৃদয় (২২) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, রানী পোশাক ব্যবসার পাশাপাশি এলাকায় অর্থ লেনদেন করতেন। একই এলাকার মুদি ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের কাছে পাওনা টাকা দাবি করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে আশিক ধারালো অস্ত্র দিয়ে রানীর ওপর হামলা চালান। মাকে রক্ষা করতে এগিয়ে এলে হৃদয়কেও একাধিকবার ছুরিকাঘাত করা হয়।
এ বিষয়ে মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোমিন উদ্দিন জানান, অভিযুক্ত আশিক গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

